হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তী শিল্পীদের নিয়ে জাতীয় স্তরে দূরদর্শন আনতে চলেছে “মাই ফেবারিট রাগা”
কলকাতাঃ : -দূরদর্শন কেন্দ্র দিল্লীর উদ্যোগে ডিডি ভারতী সঙ্গীতপ্রেমীদের জন্য আনতে চলেছে নয়া সাঙ্গীতিক উপহার ‘মাই ফেবারিট রাগা’। মঞ্চ আলোকিত করবেন হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতের দিকপাল ওস্তাদ আমাজাদ আলি খান, পন্ডিত রাজন এবং সজন মিশ্র, পন্ডিত বিশ্বমোহন ভাট্ট, ওস্তাদ শাহীদ পারভেজ সহ অন্যান্য সঙ্গীত বিশারদ। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিশেষত্ব হল এগুলি রাগাশ্রয়ী যা ১০টি ঠাটে বিভক্ত। এক একজন সঙ্গীতসাধক তাঁদের পছন্দের রাগনির্ভর এক একটি বিশেষ ঠাটের পরিবেশনা করবেন। অনুষ্ঠানের প্রযোজক শ্রাবণী দাশগুপ্তা ও সহ-প্রযোজক করম ওয়ারিস বলেন, “শাস্ত্রীয় সঙ্গীতের নিয়মিত শ্রোতা এবং যারা প্রথম শুনছেন দুই ধরণের শ্রোতার বিনোদনের জন্যই এই নতুন ধরণের অনুষ্ঠানের ভাবনা”।
নতুন প্রজন্মকে প্রাধান্য দিয়ে ‘মাই ফেবারিট রাগা’ সঞ্চালনায় দেখা যাবে প্রসিদ্ধ কত্থক নৃত্যশিল্পী তথা পন্ডিত বির্জু মহারাজের দৌহিত্রী শিঞ্জিনী কুলকার্ণিকে। তিনি বলেন, “শাস্ত্রীয় সঙ্গীত সর্বজনসাধারণের জন্য অনেকটাই সহজবোধ্য ভাবে উপস্থাপিত হবে এই অনুষ্ঠানে”। সঙ্গীতের দিকপালদেরদের সঙ্গে আলাপচারিতা করার অভিজ্ঞতা এককথায় অভূতপূর্ব। সঙ্গীত প্রতিভা ছাড়াও অনুষ্ঠানের মধ্যে ফুটে উঠবে বিশিষ্ট সঙ্গীতজ্ঞদের অজানা দিক, যা নিঃসন্দেহে আকর্ষণ করবে নব প্রজন্মকে। বিশিষ্ট সঙ্গীতশিল্পী পন্ডিত রাজন মিশ্র, পন্ডিত দেবু চৌধুরী এবং প্রতীক চৌধুরীর মত শিল্পী যাদের কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে আমরা হারিয়েছি তাদের পারফরম্যান্স এই অনুষ্ঠানকে অন্য মাত্রায় উন্নীত করবে। অবশ্যই সঙ্গীতপ্রেমীদের কাছে এই অনুষ্ঠান সুরের এক সম্পদ।
ডিডি ভারতীতে খুব শীঘ্রই সম্প্রচারিত হবে ‘মাই ফেবারিট রাগা’। বিশ্বব্যাপী শ্রোতাদের জন্য দূরদর্শনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও উপলব্ধ হবে কিছুদিনের মধ্যেই।
Leave a Reply
You must be logged in to post a comment.