নিজস্ব সংবাদদাতা :: আন্তর্জাতিক চলচ্চিত্রের মঞ্চে উজ্জ্বল বাংলার নাম। হিন্দি ছবি ‘মঞ্জিল’-এ অভিনয়ের সুবাদে লস অ্যাঞ্জেলেস ফিল্ম অ্যাওয়ার্ডস ২০২৬-এ সেরা শিশুশিল্পীর পুরস্কার জিতে নিলেন নবাগত অভিনেতা রিয়ান মুখোপাধ্যায়। ছবিটির পরিচালক জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা রাম কমল মুখোপাধ্যায়। আয়োজকদের ঘোষিত ফলাফল অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় পুরস্কারজয়ী একমাত্র ভারতীয় হিসেবে বিশেষ নজর কেড়েছেন রিয়ান।
‘মঞ্জিল’ ছবিতে রিয়ান অভিনয় করেছেন অ্যারন নামে এক শিশুর চরিত্রে। ছবিতে লেখিকা অনন্যার ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অনন্যার ছেলের চরিত্রে রিয়ানের অভিনয় ছবির কাহিনিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এক রিসর্টে আকস্মিকভাবে দেখা হয়ে যাওয়া এক লেখিকা ও এক চিত্রগ্রাহকের জীবনকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প। ছবিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় সুরি ও অভিষেক কুমার। ধনবাদ টকিজ এবং এন্ডেভার ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজক রাজেশ সিং ও শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। বর্তমানে ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলিতে প্রদর্শিত হচ্ছে।
ছেলের এই আন্তর্জাতিক সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। তাঁর কথায়, “বিচারকমণ্ডলী রিয়ানের অভিনয়কে স্বীকৃতি দিয়েছেন, এতে আমি অত্যন্ত আনন্দিত।” তিনি আরও জানান, কোনও প্রথাগত অভিনয় প্রশিক্ষণ ছাড়াই রিয়ান ক্যামেরার সামনে সাবলীলভাবে অভিনয় করেছে এবং সংলাপ মনে রাখার দক্ষতাও দেখিয়েছে।
ছবিতে রিয়ানের মায়ের চরিত্রে অভিনয় করা ঋতুপর্ণা সেনগুপ্তও খুশি এই সাফল্যে। তাঁর কথায়, রিয়ানকে জন্মের পর থেকেই তিনি বড় হতে দেখেছেন। রাম কমল যখন ছবিতে রিয়ানকে তাঁর ছেলের চরিত্রে অভিনয়ের জন্য বেছে নেন, তখনই তিনি বুঝেছিলেন, শিশুশিল্পীটি পর্দায় নিজের ছাপ রাখতে পারবে। ছবিটির সৃজনশীল প্রযোজনার দায়িত্বেও রয়েছেন ঋতুপর্ণা।
লস অ্যাঞ্জেলেস ফিল্ম অ্যাওয়ার্ডসের বিচারকমণ্ডলীর সদস্য ও প্রবীণ অভিনেতা জ্যঁ ভিনসেন্তেল্লি রিয়ানের অভিনয়ের প্রশংসা করে জানান, আন্তর্জাতিক শিশুশিল্পীদের সঙ্গে প্রতিযোগিতায় স্বাভাবিক পর্দা-উপস্থিতি এবং সংযত কণ্ঠস্বরের ব্যবহারের জন্যই রিয়ান বিচারকদের নজর কেড়েছে।
নিজের অভিনয়জীবন সম্পর্কে রিয়ানের বক্তব্য, “আমি ঘটনাচক্রে অভিনেতা হয়ে গিয়েছি। অভিনয় করতে আমার ভালো লাগে, কারণ সেই সময় বাবাকে কাজ করতে দেখতে পাই। নিজের শিল্পের প্রতি বাবা অত্যন্ত আন্তরিক।”
উল্লেখ্য, এবারের লস অ্যাঞ্জেলেস ফিল্ম অ্যাওয়ার্ডসে ‘আ পামফুল অব স্টারস’ ছবির জন্য সেরা ছবির সম্মান পেয়েছেন জিংনু নিং এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজাকাতি মাইহেমুতি। ‘সাউন্ডচেক’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ফিল আমান। আন্তর্জাতিক মঞ্চে এই স্বীকৃতি রিয়ান মুখোপাধ্যায়ের অভিনয়জীবনে এক উল্লেখযোগ্য সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।





