বাংলা আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট জিতলেন ডক্টর চন্দ্রচূড় গোস্বামী
নিউজ ডেস্ক :: সরস্বতী পূজার প্রাক্কালে সাফল্যের সাথে সারা বাংলা নকআউট আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করলো দক্ষিণ কলকাতার বিশিষ্ট ক্লাব “ফ্রেন্ডস ইউনিয়ন” । সাতদিন ব্যাপী এই টুর্নামেন্টে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ।
এই বিভাগে রানার্স হয়েছেন গৌরব বড়ুয়া । মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রিয়া কর্মকার এবং রানার্স হয়েছেন শ্রেয়সী ভৌমিক । টান টান উত্তেজনাপূর্ণ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন বাংলার একাধিক বিশিষ্ট ব্যাডমিন্টন খেলোয়াড় ।পুরুষ বিভাগের ফাইনালে ডক্টর চন্দ্রচূড় গোস্বামী গৌরব বড়ুয়াকে ২১ – ১১ এবং ২১ – ৪ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেছেন । মহিলা বিভাগে রিয়া কর্মকার শ্রেয়সী ভৌমিককে হারালেন ১৫ – ১৩ এবং ১৭ – ১৫ পয়েন্টের ব্যবধানে ।
বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবী ডক্টর চন্দ্রচূড় গোস্বামী মাইক্রোবায়োলজি বিষয়ে গবেষণার পাশাপাশি পদ্মভূষণ পন্ডিত অজয় চক্রবর্তীর কাছে সঙ্গীতের তালিম নেন এবং ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের রেজিস্টার্ড ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে বিখ্যাত নাকতলা ইউথ ক্লাবে কোচ পীযূষ শুক্লার তত্ত্বাবধানে ব্যাডমিন্টন প্র্যাকটিস করেন ।
জয়লাভের পর প্রতিক্রিয়া দিতে গিয়ে চন্দ্রচূড় বাবু বলেন আমি মূলত ইন্ডোর ব্যাডমিন্টন খেললেও আউটডোরে খেলার খুব বেশি অভিজ্ঞতা আমার নেই । এই টুর্নামেন্টে অনেক প্রতিভাবান খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকের কাছেই কিছু শেখার আছে । খেলায় কেউ জেতে কেউ হারে কিন্তু একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ ও সাফল্যমণ্ডিত প্রতিযোগিতা নির্বিঘ্নে আয়োজন করে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সদস্যরা সারা বাংলা জুড়ে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন । ফলে দিনের শেষে জয় হয়েছে ব্যাডমিন্টন খেলা এবং স্পোর্টসম্যান স্পিরিটের ।
ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের দ্বারা অনুপ্রাণিত হয়ে আগামী দিনে সারা বাংলায় আরো অন্যান্য ক্লাবের আরো বেশি করে এইরকম ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সুস্থ সংস্কৃতি ও পারস্পরিক বন্ধুত্বপূর্ণ পরিবেশকে শক্তিশালী করা উচিত । আউটডোর এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের পাশাপাশি ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব কর্তৃপক্ষকে একটি সফল টুর্নামেন্ট আয়োজন করার জন্য NYKS বা Ministry Of Youth Affairs And Sports, India Government এবং বেঙ্গল ব্যাডমিন্টন লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানানো হয়েছে ।