দশভূজার রক্তদান শিবির

নিউজ ডেস্কঃ সামাজিক দায়বদ্ধতায় অত্যন্ত প্রয়োজনীয় কাজকর্মে মেয়েরাও আজ আর পিছিয়ে নেই , তারই এক অকাট্য প্রমাণ রাখলেন হুগলি জেলার রিষড়ার ১৩ নং ওয়ার্ডের সারদামাতা লেনের মেয়েরা। বেশ কিছুদিন ধরে তাঁরা ভাবছিলেন কিছু একটা করবেন। তাঁরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, সংগীত, নৃত্য, শ্রুতিনাটক, যোগব্যায়াম ইত্যাদিতে এতদিন অংশগ্রহণ করে আসছিলেন, এবার তাঁরা সরাসরি সামাজিক কাজকর্মে ঝাঁপিয়ে পড়লেন। সিদ্ধান্ত নিলেন এবার পাড়ায় রক্তদান শিবিরের আয়োজন করবেন।মাত্র পনেরোদিন আগে “দশভূজা” নামে একটি সংগঠন গড়ে তাঁরা অক্লান্ত পরিশ্রমে ০৭ মার্চ পাড়ার সারদামাতা ফরওয়ার্ড ক্লাবের ঘরে আয়োজন করেই ফেললেন এই রক্তদান শিবিরের। শুধুমাত্র পাড়ার মানুষজনরাই নন, গোটা রিষড়ার বিভিন্ন সংগঠনের বিশিষ্ট মানুষেরা তাঁদের পাশে দাঁড়িয়ে সক্রিয়ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। “দশভূজা”-র প্রধান সংগঠক ঝুমা গাঙ্গুলী বললেন, সত্যিই মেয়েরা দশভূজা, ইচ্ছে থাকলে সমাজের প্রতি দায়বদ্ধতায় অনেককিছুই করতে পারে। আমাদেরও অনেককিছু করার ইচ্ছে আছে। এই সংগঠনের প্রথম উদ্যোগ এই রক্তদান শিবির। রক্তদান অবশ্যই জীবনদান। বিশেষকরে গ্রীষ্মকালে রক্তের চাহিদা ভীষণভাবে বেড়ে যায়, রক্তসংগ্রহ সেভাবে হয় না। তাই এই রক্তদান শিবিরের আয়োজন করে আমরা, দশভূজার মেয়েরা সামাজিক কাজকর্মে ঝাঁপিয়ে পড়লাম। এদিন এই শিবিরে রক্ত সংগ্রহ করতে এসেছিলেন বেলুড়ের শ্রমজীবী হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা। শ্রমজীবী হাসপাতালের পক্ষে গৌতম সরকার ও শিল্পী ঘোষ এদিন উপস্থিত থেকে উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেছেন। এই শিবিরে ১৭জন মহিলাসহ মোট ৪০ জন রক্তদান করেন।