কি আছে “বাঘমামার ডায়েরি” তে?

নিজস্ব সংবাদদাতা ::: সেই রহস্যের উন্মোচন হতে চলেছে ১৯শে ফেব্রুয়ারী সকাল নয়টায় কলকাতা দূরদর্শনে। বাঘের মুখে বাঘের গল্প – কেউ কখনও শুনেছে কি? সেই সব রঙবাহারী মজাদার গল্পগুলি অ্যানিমেশনের মাধ্যমে জীবন্ত করে তুলে ধরতে চলেছে কলকাতার অন্যতম সুপ্রতিষ্ঠিত অ্যানিমেশন স্টুডিও এ. এফ. এক্স অ্যানিমেশন । শিশু কিশোর সহ আপামর গল্প প্রিয় বাঙালীর মনের চাহিদা পূরণ করতে প্রতি রবিবার নয়টায় খুলবে বাঘমামার ডায়েরি। ডায়েরির পাতায় পাতায় নতুন নতুন গল্প। বাঘ সিংহ রাজারানী ,রাজকন্যে থেকে রহস্যরোমাঞ্চ। আর আছে দুস্টু মিষ্টি এক ঝাঁক ভূতের ছানা, বাঁশ বাগানের আমুদে ভূতের রাজা আরও কতো কিছু। নির্ভেজাল, নির্মল গল্পের মজার সাথে সাথে খানিকটা জীবনের পাঠ। বিনোদনের সাথে কিছুটা ঝালিয়ে নেওয়া কিছুটা সামাজিক মূল্যবোধ।

এ. এফ. এক্স অ্যানিমেশন একটি আন্তর্জাতিক অ্যানিমেশন প্রোডাকশন হাউস। দীর্ঘ পনেরো বছর ধরে এ. এফ. এক্স অ্যানিমেশন অত্যন্ত সফলতার সঙ্গে বিদেশের বিভিন্ন অ্যানিমেশন প্রজেক্টের সাথে যুক্ত। এখানে তৈরী অ্যানিমেশন ফিল্মগুলি বিগত তিন বছরে একশতরও বেশী দেশবিদেশের ফিল্ম ফেস্টিভেলে পুরস্কৃত, সমাদৃত। বেস্ট অ্যানিমেশন ফিল্ম অ্যাওয়ার্ড এসেছে ফ্রান্সের কান, সুইডেন, ইতালীর রোম, আমেরিকার নিউইয়র্ক, নিউজার্সির বিভিন্ন ফিল্ম ফেস্টিভাল থেকে। বাংলা শিশুকিশোর দর্শকদের কাছে কলকাতা দূরদর্শনের মাধ্যমে উৎকৃষ্ট মানের গল্প উপস্থাপিত করতে এ. এফ. এক্স অ্যানিমেশন অঙ্গীকারবদ্ধ।
আধঘন্টা না হয় সকলে মোবাইল ভুলে, কচিকাঁচা সহ পরিবারের সকলকে সঙ্গে নিয়ে দূরদর্শনের পর্দায় চোখ রাখি প্রতি রবিবার সকাল ৯ টায়। হৈ হৈ করে ফিরে আসুক সেই রবিবারের ছুটি ছুটি আমেজ।
Leave a Reply
You must be logged in to post a comment.