পশ্চিমবঙ্গের পাঁচটি জেলায় ফাইলেরিয়া রোগ দূরীকরণে সক্রিয় রাজ্য সরকার
বেঙ্গল এডিটর , কোলকাতা :: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে ফাইলেরিয়া দূরীকরণে রাজ্যে শুরু হয়েছে মাস ড্রাগ এডমিনিস্ট্রেশন (এমডিএ)কর্মসূচি।এই কর্মসূচির আওতায় রাজ্যকে ফাইলেরিয়া রোগ মুক্ত করতে স্বাস্থ্যকর্মীরা পাঁচ জেলায় ঘরে ঘরে গিয়ে ফাইলেরিয়া প্রতিরোধক ওষুধ দেবেন । ফেব্রুয়ারী মাসের ৮ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলা, এবং বিষ্ণুপুর ও রামপুরহাট এর স্বাস্থ্য জেলাগুলিতে এই গণঔষধ বন্টন কর্মসূচি চলবে । এই সময় স্বাস্থ্যকর্মীরা বিনামূল্যে সরকারের তরফ থেকে ফাইলেরিয়া রোগের ওষুধ আপনার ঘরে ঘরে পৌঁছে দেবেন অথবা আপনার এলাকায় বুথ তৈরি করে এই ওষুধ বিলির কাজ হবে । প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের সামনেই এই ওষুধ খেতে হবে। 2 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী মহিলা, অতি বৃদ্ধ এবং গুরুতর অসুস্থ ব্যক্তি ছাড়া সবাইকে এই ওষুধ খাওয়ানো হবে।
ফাইলেরিয়া একটি মশাবাহিত রোগ, এর থেকে গোদ বা হাইড্রোসিলের মতো প্রতিবন্ধকতা দেখা দিতে পারে ।
বর্তমানে পশ্চিমবঙ্গে ফাইলেরিয়াপ্রবণ জেলার সংখ্যা ১৩ টি ।সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ সালে এর মধ্যে ৮ টি জেলায় সংক্রমণ কমেছে ।মুশকিল হলো, সঠিক সময়ে এই রোগ প্রতিরোধ না করলে এবং একবার গোদ বা হাইড্রোসিলের মতো উপসর্গ শরীরে দেখা দিলে, ওষুধ দ্বারা আর তার নিরাময় সম্ভব নয় । তাই এলাকায় এমডএ চলাকালীন সবার উচিত ফাইলেরিয়ার ওষুধ খেয়ে নেওয়া । এতে আপনার এলাকায় ফাইলেরিয়া রোগের সংক্রমণ বন্ধ হবে, পাশাপাশি বাচ্চাদের কৃমির অসুবিধা থাকলে তাও সেরে যাবে ।
ড. প্রীতম রায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পশ্চিমবঙ্গ শাখার এনটিডি কোঅর্ডিনেটর, জানালেন, “এছাড়াও সব সরকারি হাসপাতালে হাইড্রোসিল অপারেশনের ব্যবস্থা আছে । যেসব ব্যক্তি গোদ এ আক্রান্ত, তাঁদের হাত-পা ফোলা, ব্যাথা, জ্বর ইত্যাদি শারীরিক অসুবিধা কমানোর জন্য সরকারের তরফ থেকে MMDP Kit (Morbidity Management and Disability Prevention Kit) এবং Training এর সুবন্দোবস্ত রয়েছে । এমডিএ কর্মসূচিতে বিনামূল্যে ডিইসি এবং আলবেনডাজোল নামে দুটি ওষুধ খাওয়ানো হয় ।এই ওষুধগুলি খাওয়া সম্পূর্ণ নিরাপদ । তাই আমাদের রাজ্য থেকে ফাইলেরিয়া রোগ দূর করতে অবশ্যই পরিবারের সবাইমিলে এই ওষুধ খান । পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে,কোভিড-১৯ এর যাবতীয় নিরাপদ দূরত্ববিধি অনুসরণ করেই এই কর্মসূচি পালন করা হবে ।