বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য সম্প্রসারিত ‘উন্মিশ’ কেন্দ্রের উদ্বোধন
কলকাতা :: বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের শিক্ষা, থেরাপি ও সামগ্রিক বিকাশে নিবেদিত সংস্থা উন্মিশ বাই ড. নীতা দিওয়ান নিউ আলিপুরে তাদের সম্প্রসারিত পাঁচতলা কেন্দ্রের উদ্বোধন করল। একই সঙ্গে চালু হল বিশেষ হাইড্রোথেরাপি ও স্পোর্টস প্রোগ্রাম, যা শারীরিক পুনর্বাসন, মোটর স্কিল উন্নয়ন ও সামাজিক অংশগ্রহণে সহায়তা করবে।
২০০৯ সালে ড. নীতা দিওয়ানের উদ্যোগে প্রতিষ্ঠিত উন্মিশ বর্তমানে শিক্ষা, থেরাপি, মানসিক স্বাস্থ্য পরিষেবা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও নিউরো-রিহ্যাবিলিটেশনসহ একাধিক পরিষেবা প্রদান করে। নতুন কেন্দ্রের উদ্বোধন করেন ড. মল্লিকা নাড্ডা, সভাপতি, স্পেশাল অলিম্পিক্স ভারত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সজ্জন ভজনকা, গীতা মান্ডাভিয়া এবং সুশীল কুমার গোয়েঙ্কা।
অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন, কেক কাটা, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে নানা কর্মসূচির আয়োজন করা হয়। ড. নীতা দিওয়ান বলেন, “একজন মায়ের স্বপ্ন থেকে শুরু হওয়া এই যাত্রা আজ শতাধিক পরিবারের ভরসাস্থলে পরিণত হয়েছে। নতুন কেন্দ্র ও আধুনিক সুবিধা বিশেষ চাহিদাসম্পন্নদের বিকাশ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে নতুন দিগন্ত খুলে দেবে।”
উদ্বোধনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে উন্মিশের পথচলায় আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হল।